প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক: ||
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা ও ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) শাহাদাত হোসেন। একই দিন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক (মিডিয়া) আকতারুল ইসলাম জানান, বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।দুদক সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় গত ১২ জুন দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলার বিচার চলছে, আর বাকি পাঁচটি মামলার তদন্ত চলমান রয়েছে।আদালতের পরোয়ানা ও ইন্টারপোলের রেড নোটিশদুদকের তদন্তে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর ২০২৪ সালে বেনজীর আহমেদ দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এরপর আন্তর্জাতিক পর্যায়ে তাকে শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়।বিপুল সম্পদের অভিযোগদুদকের দায়ের করা মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।এছাড়া তার স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৬ কোটি ১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের বিরুদ্ধে ৮ কোটি ৭৫ লাখ টাকা এবং মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।সম্পদ জব্দের নির্দেশদুর্নীতির অভিযোগ তদন্তকালে আদালত বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ দেন।জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ঢাকার বাড্ডা ও আদাবরে থাকা ৮টি ফ্ল্যাট, নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায় প্রায় ২৫ একরের বেশি জমি, গুলশানের ৪টি ফ্ল্যাট, গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং ৩টি বিও হিসাব।দীর্ঘ কর্মজীবনবেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় বেনজীর আহমেদের নামও ছিল।সরকারি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্ত ও বিচারিক কার্যক্রমের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক: এম.ডি রায়হান
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ