প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
নিখোঁজ বাবার সন্ধানে উদ্বিগ্ন চিত্রনায়িকা মেঘলা মুক্তা, থানায় জিডি।
হৃদয় খান বাদশাহ্ ||
চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরখান এলাকা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার পথে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। বাবার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে মেঘলা মুক্তা জানান, এখন পর্যন্ত তাঁর বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি।মেঘলা জানান, উত্তরখানে তাঁদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। প্রতিদিনের মতো সোমবারও সেই কাজের তদারকি করতে সেখানে গিয়েছিলেন তাঁর বাবা। কাজ শেষে রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন তিনি। রাত ৮টা ৫০ মিনিটে বাবার সঙ্গে সর্বশেষ কথা হয় মেঘলার। এরপর থেকেই তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।প্রথমদিকে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে ধারণা করেছিলেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। পরে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং সড়কের দুই পাশে রাতভর খোঁজ চালানো হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি।মেঘলা মুক্তার উদ্বেগের অন্যতম কারণ তাঁর বাবার শারীরিক অবস্থা। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বাবা বেশ অসুস্থ। দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ না থাকায় পরিবারের সদস্যরা আশঙ্কা ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাঁর সন্ধানে উত্তরা ও আশপাশের বিভিন্ন হাসপাতালসহ কুর্মিটোলা হাসপাতালেও যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি।এ ঘটনায় উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি নিখোঁজ বাবার ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে সন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।মঙ্গলবার রাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা তিনটি ছবি প্রকাশ করে জরুরি সহায়তা চান মেঘলা মুক্তা। সেখানে তিনি বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন।অভিনেত্রীর ভাষ্য, কেউ তাঁর বাবাকে কোথাও দেখে থাকলে, তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে কিংবা সামান্য কোনো সূত্র পেলেও যেন দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে বাবার সুস্থতা ও নিরাপদে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মেঘলা মুক্তা। দুর্ঘটনার পর দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাঁকে। একপর্যায়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)ও থাকতে হয়েছিল। পরবর্তী সময়ে গত ২৩ অক্টোবর এক সাক্ষাৎকারে দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসা এবং আইনি জটিলতার অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। সে সময় তিনি জানিয়েছিলেন, দুর্ঘটনাসংক্রান্ত মামলার কার্যক্রম পরিচালনার জন্য তাঁর বাবাকে নিয়মিত আদালতে যেতে হচ্ছে। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে বাবার এই দৌড়ঝাঁপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি ভারতের তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তেলেগু চলচ্চিত্রাঙ্গনে পরিচিতি পান তিনি। এ ছাড়া তাঁর অভিনীত বাংলাদেশি সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।এদিকে পরিবারের পক্ষ থেকে এখনো তাঁর বাবার সন্ধান পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক: এম.ডি রায়হান
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ