আমার বাগদানের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’ সংবেদনশীল সময়ে যাচাইহীন সংবাদে ক্ষুব্ধ শিরতাজ জাহান জেবিন।
সম্প্রতি নিজের বাগদান হয়েছে—এমন সংবাদ প্রকাশ ও প্রচারকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন। ‘যুগান্তর’ ও ‘কালের আলো’-তে প্রকাশিত ওই সংবাদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানিয়েছেন, সম্প্রতি তার কোনো বাগদান হয়নি।জেবিনের অভিযোগ, তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ কিংবা তথ্য যাচাই না করেই ব্যক্তিগত জীবন নিয়ে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, বিষয়টি শুধু অনাকাঙ্ক্ষিত নয়, একই সঙ্গে বিব্রতকরও।বর্তমানে বাবার চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন শিরতাজ জাহান জেবিন। এমন এক সংবেদনশীল সময়ে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি। এর মধ্যেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাইহীন সংবাদ প্রকাশের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।জেবিন বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশা করেন তিনি।প্রকাশিত সংবাদ সম্পর্কে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি জেবিনের অনুরোধ, বিষয়টি যথাযথভাবে যাচাই করে ভুল তথ্য থাকলে তা সংশোধন করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তিগত কিংবা সংবেদনশীল বিষয় প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।নিজের দর্শক ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদেরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। কোনো সংবাদ দেখেই সেটিকে সত্য ধরে না নিয়ে তথ্যের সত্যতা যাচাই করার পাশাপাশি বিভ্রান্তিকর সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।জেবিনের বক্তব্য, ভুল একটি সংবাদ শুধু একজন মানুষের ভাবমূর্তির ওপরই প্রভাব ফেলে না; এর প্রভাব পড়তে পারে তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়াকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত ভুল তথ্যের প্রসঙ্গে জেবিনের বার্তা স্পষ্ট—সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা হোক। সংবাদ হোক তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়।