অনার্সের শিক্ষার্থীদের বৃত্তি আবেদন শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত
স্নাতক ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। রোববার (১৭ মে) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীরা এ উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়র অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।
‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা-২০২২’ অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীরা উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন। এজন্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ আবেদন সম্পন্ন করতে হবে।
এছাড়া আবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন ফরওয়ার্ড করতে হবে।
আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য [প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট (https://pmeat.gov.bd) এবং ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনপত্রের হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। উপবৃত্তি সংক্রান্ত সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬-এ অফিস চলাকালে যোগাযোগ করা যাবে।