চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রমে ব্যবহৃত উদ্ভাবনী প্রযুক্তি ও পদ্ধতি পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের যে প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল, তা নাকচ করে দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি (Valent BioSciences LLC)-এর অর্থায়নে এই সফরের প্রস্তাব করা হয়েছিল। সফরের মূল লক্ষ্য ছিল মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা।
তবে প্রধানমন্ত্রী মনে করেন, বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় মশক নিয়ন্ত্রণের কার্যকর কৌশল দেশেই অনুসন্ধান করা সম্ভব।এ বিষয়ে তিনি মন্তব্য করেন, মশা নিধনের পদ্ধতি শেখার জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই; বরং দেশের বিভিন্ন এলাকায় বিদ্যমান , বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর ধারণা ও উদ্ভাবনী পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব বলেও তিনি মত দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’ পরিবেশ ও সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলেই কার্যকর সমাধান বের করা সম্ভব।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি সংশ্লিষ্টদের স্থানীয় বাস্তবতার ওপর গুরুত্বারোপ করে মাঠপর্যায়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। তার মতে, মশার প্রজননস্থল শনাক্তকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই সমাধান অর্জন করা সম্ভব।
এদিকে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে সরকারি ব্যয় সাশ্রয় ও বাস্তবমুখী প্রশাসনিক দৃষ্টিভঙ্গির উদাহরণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. শাহাদাত হোসেন। বর্তমানে তিনি নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।