ঢাকা, ১৫ জুন ২০২৬: রাজধানী ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর চারটি প্রধান বাস টার্মিনাল পর্যায়ক্রমে নিম্নোক্ত স্থানে স্থানান্তর করা হবে—
ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল: কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে।
গাবতলী বাস টার্মিনাল: সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হবে।
মহাখালী বাস টার্মিনাল: প্রাথমিকভাবে পূর্বাচলে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গীর নিকটবর্তী এলাকায় স্থানান্তর করা হবে।
সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল: কাঁচপুরে স্থানান্তর করা হবে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাস কোম্পানিগুলোর কাউন্টার দ্রুত সরিয়ে নির্ধারিত স্থানে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। ইতোমধ্যে স্থাপিত এআইভিত্তিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থার সুফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তঃজেলা বাস টার্মিনালগুলো রাজধানীর বাইরে স্থানান্তর করা হলে ঢাকার অভ্যন্তরীণ সড়কে যানবাহনের চাপ কমবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।