ঢাকা, ১৫ জুন ২০২৬: দেশের সব ধরনের গণপরিবহনে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
সোমবার (১৫ জুন) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, সড়ক নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সব গণপরিবহনে অনুমোদিত মানের জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা কার্যকর অবস্থায় রাখতে হবে।
সংস্থাটি জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মানদণ্ড (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিআরটিএর সরকারি ওয়েবসাইটেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গণপরিবহনে জিপিএস প্রযুক্তি বাধ্যতামূলক করা হলে যানবাহনের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ সহজ হবে, দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করবে এবং সামগ্রিকভাবে দেশের সড়ক পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।