ঢাকা, ১৮ জুন: স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি নিজেও ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করেন এবং নিরাপত্তা বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আধুনিক প্রশিক্ষণ সুবিধার গুরুত্ব তুলে ধরেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সদ্য উদ্বোধন করা অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি এসএসএফ সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বাহিনীর সদস্যরা এই প্রশিক্ষণ সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। এ কারণে নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা যেন সরকারপ্রধানকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন না করে, সে বিষয়ে এসএসএফ সদস্যদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন সময় এবং মৃত্যুর পর অনুষ্ঠিত বৃহৎ জানাজা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে এসএসএফের সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, শৈশব ও তরুণ বয়স থেকেই সরকারপ্রধানের নিরাপত্তা কার্যক্রমে বাহিনীটির পেশাদারিত্ব ও কর্মদক্ষতা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার।
এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাহিনীর সদস্যদের চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।