নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারি ইউনিয়নের একান্ন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাহাবুর রহমান চঞ্চল।
সভায় উপস্থিত ছিলেন চামারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মো. ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, ওয়ার্ড সদস্য মো. আশরাফুল ইসলাম, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় সুধীজন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয়ের অবকাঠামোগত ও উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও গঠনমূলক পরিবেশ তৈরিতেও ম্যানেজিং কমিটির কার্যকর ভূমিকা রয়েছে।
তারা আরও বলেন, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধীজনের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব। এ জন্য বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।