দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের শিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত হয়েছেন সাতক্ষীরার কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু।
দীর্ঘদিনের সংগীতচর্চা, শিল্পীসত্তা ও পেশাগত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিটিভির প্রচলিত গ্রেডেশন ও পুনর্মূল্যায়ন নীতিমালার আওতায় তাকে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোল/প্রোগ্রাম ম্যানেজার (সংগীত) ও গ্রেডেশন/পুনর্মূল্যায়ন কমিটির সদস্যসচিব মোহাম্মদ মনিরুল হাসানের স্বাক্ষরিত ২৩ জুন ২০২৬ তারিখের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান গ্রেডেশন ও পুনর্মূল্যায়ন নীতিমালা অনুযায়ী বোর্ডের সুপারিশের ভিত্তিতে আধুনিক গানের শিল্পী আবু আফ্ফান রোজবাবুকে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।
সাতক্ষীরা শহরের মুনজিতপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আবু আফ্ফান রোজবাবু ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আকৃষ্ট ছিলেন। মরহুম শেখ হামিদুর রহমান ও ছকিনা রহমানের সন্তান তিনি। এক ভাই ও তিন বোনের মধ্যে রোজবাবু তৃতীয়।
শৈশবের সেই আগ্রহই ধীরে ধীরে তাকে পেশাদার সংগীতজীবনের দিকে নিয়ে যায়। দীর্ঘ পথচলায় তিনি বাংলাদেশ বেতারের স্পেশাল গ্রেডের সংগীতশিল্পী ও মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে উচ্চ শ্রেণির সংগীতশিল্পী হিসেবে সংগীত পরিবেশনের পাশাপাশি উপস্থাপনা ও অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন।
অভিনয়েও রয়েছে তার পরিচিতি। বাংলাদেশ টেলিভিশনের প্যাকেজ নাটক ‘বিনিময়ে তুমি’-তে নায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেন তানিয়া রহমান।
সংগীতের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী হিসেবেও কাজ করছেন রোজবাবু। দেশের বিভিন্ন মঞ্চের পাশাপাশি বিদেশেও সংগীত পরিবেশন করে আসছেন তিনি। তার পরিবেশনায় সাতক্ষীরার স্থানীয় সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরার সুযোগ হয়েছে।
দীর্ঘ সংগীতজীবনে বিভিন্ন পদক, সম্মাননা ও স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী। ১৯৯৯ সালে তিনি মাদার তেরেসা মঞ্চ পদক এবং ২০১৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক অর্জন করেন। ২০১২ সালে সারা বাংলাদেশের মধ্যে গণসংগীতে দ্বিতীয় স্থান অর্জনের কৃতিত্বও রয়েছে তার। তার প্রকাশিত একক ও যৌথ আধুনিক গানের অ্যালবামের সংখ্যা ২১টি। ২০২৬ সালে তিনি আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক গুণীজন সম্মাননাতেও ভূষিত হন।
বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানেও নিয়মিত সংগীত পরিবেশন করছেন আবু আফ্ফান রোজবাবু।
বিটিভির ‘উচ্চ’ শ্রেণির শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানিয়ে রোজবাবু বলেন, “গত ২৩ জুন ২০২৬ তারিখে আমাকে সরকারি প্রক্রিয়ায় ‘উচ্চ’ শ্রেণির শিল্পী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এ-সংক্রান্ত চিঠিটি আমি ২০ সেপ্টেম্বর হাতে পেয়েছি। এই স্বীকৃতির জন্য বাংলাদেশ টেলিভিশনের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে সাতক্ষীরাবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করছি।”
তার এই স্বীকৃতিতে সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, দীর্ঘদিনের সংগীতচর্চার স্বীকৃতি হিসেবে বিটিভির এই শ্রেণি উন্নয়ন রোজবাবুর শিল্পীজীবনে নতুন মাত্রা যোগ করেছে।